পটুয়াখালীতে যুবলীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে যুবলীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ সহিংসতার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত ৮ বিএনপি নেতা-কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

patuakhali_pic_28_05.03.22.jpg
ছবি: সোহরাব হোসেন/স্টার

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রব্যমূল্যের উর্ব্ধগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ কর্মসুচিতে অংশ নিতে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

তারা আরও জানান, যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাঙচুর করে। ২ পক্ষের সহিংসতায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই হামলা-সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে।

বিএনপির দুমকি উপজেলা কমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, 'বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগের লোকজন হামলা চালিয়ে দলীয় অফিস ভাঙচুর করেছে।'

এ অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন বলেন, 'সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির লোকজন হামলা করে।'

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'