পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, সরকার বা দলের নয়: তথ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

গণতন্ত্রকে সংহত করার জন্য, গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কারা আসবে নির্বাচনে সেটি তাদের একান্ত নিজস্ব ব্যাপার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় এবং বিএনপি যেহেতু বারবার বিদেশিদের কাছে সব বিষয় নিয়ে ধরনা দেয়, তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী কথাটি বলেছেন। কোনো একটা কিছু হলেই বিদেশিদের কাছে চিঠি লেখেন। এমনকি বাংলাদেশে সাহায্য বন্ধ করার জন্য বিদেশে চিঠি লিখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়া নিজে নিবন্ধ লিখেছেন। বাংলাদেশকে সাহায্য বন্ধ এবং সাহায্য দেওয়া পুনর্বিবেচনা করার জন্য মির্জা ফখরুল ইসলাম নিজে চিঠি লিখেছেন কংগ্রেসম্যানদের কাছে। যেহেতু তারা যে কোনো বিষয় হলেই বিদেশিদের কাছে ধরনা দেয় তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। তবে এটি একান্ত পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব বক্তব্য, আমাদের সরকারের কিংবা দলের কোনো বক্তব্য নয়।

তিনি আরও বলেন, নির্বাচনের ট্রেন কখনো কারো জন্য অপেক্ষা করবে না। গণতন্ত্রকে সংহত করার জন্য যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য মামলাও তার বিরুদ্ধে আছে, সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কালকের মিছিলের সঙ্গে তার গ্রেপ্তারের কোএনা সম্পর্ক নেই। যারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছিল এবং মানুষ পুড়িয়ে হত্যা করার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন না, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনও বর্জন করছে। এখন তাদের এই ভীতি দূর করার দায়িত্ব তো আমাদের নয়। তবে যারা গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জনগণের রায়ে বিশ্বাস করে, তাদের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আশা করবো, বিএনপি নির্বাচন ভীতি কাটিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।