তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে সবাই জানে, এগুলো আর বলতে হয় না’

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অবস্থা সম্পর্কে সবাই জানে, এগুলো আর বলতে হয় না।

জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বক্তব্য নিয়ে বির্তকের মধ্যে আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

বৈঠক শেষে গণমাধ্যমকে খসরু জানান, মূলত ২ দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী ভাবছে তা জানতে চেয়েছেন। বিএনপির সিদ্ধান্ত দলের পক্ষ থেকে সব সময় যা বলা হয়েছে। বাংলাদেশের অবস্থা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। বাংলাদেশের অবস্থা সম্পর্কে সবাই জানে। এগুলো আর বলতে হয় না।

তিনি আরও বলেন, বিএনপির অবস্থান স্বাভাবিকভাবে সবাই জানতে চাইবেন। বিএনপির অবস্থান আমরা পাবলিকলি যা বলছি তাই তুলে ধরেছি। এখানে লুকোচুরির কিছু নেই।

ডিপ্লোম্যাটিক রিলেশানশিপ জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। বাংলাদেশের সঙ্গে এবং বিএনপির সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক পুরাতন। দুদেশের মধ্যে বাণিজ্যিক বিষয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ হয়েছে। প্রথমেই তুরস্কের ফার্স্ট লেডি মন্ত্রীদের নিয়ে এসেছিলেন। বিশ্বের সামনে তাদের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু বড়ভাবে তুলে ধরা হয়েছিল। যেগুলো সব সময়ই আলোচনায় উঠে আসে—বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন বলে জানান এই বিএনপি নেতা।