বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সাহাবুদ্দীন আহমদ অনন্য: মির্জা ফখরুল
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, 'সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্যান্য ভুমিকা পালন করেছেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনুরুদ্ধারের জন্যে সর্বসম্মতভাবে যে নির্বাচন হয়েছিল, সেই সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন।'
মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ যতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, ততদিন তাকে (সাহাবুদ্দীন আহমদ) স্মরণ করবে।'
এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিলো ৯২ বছর।
৯০'এর গণআন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্র ফেরার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও তাকে রাষ্ট্রপতি করা হয়।
২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের একটি বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাবেক এই রাষ্ট্রপতি।