বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশের কনসুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে পড়ে শোনান পররাষ্ট্রমন্ত্রী। জো বাইডেনের চিঠির ভাষ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জো বাইডেন লিখেছেন, '৪ এপ্রিল আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বাংলাদেশের মানুষের সর্বাত্মক প্রচেষ্টা, দেশকে সমৃদ্ধ করা, উদ্ভাবনী কর্মপ্রচেষ্টায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি মডেলে পরিণত হয়েছে।'
আব্দুল মোমেন আরও বলেন, জো বাইডেন তার চিঠিতে দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারীত্বের সম্পর্ক আগামী ৫০ বছরে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে।
মায়ামিতে বাংলাদেশের কনসুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষে ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের প্রয়োজনীয় সেবা দিতে প্রধানমন্ত্রী মায়ামিতে বাংলাদেশের এই কনসুলেট জেনারেল স্থাপনের অনুমতি দিয়েছেন। এই কনসুলেট জেনারেল স্থাপনের ফলে এই অঞ্চলে আমাদের কনসুলার সেবাদান আরও সহজ ও উন্নত হবে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এরপর কনসুলেটে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন মায়ামিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ।