বিএনপিকে নির্বাচনে আনতে আ. লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, যখন নির্বাচন এসেছে তখন আপনারা আমেরিকার কাছে দৌড় লাগিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছেন, বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। সাহায্য করেন আমাদের।

তিনি বলেন, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে নির্বাচন কেমন করতে যাচ্ছেন আপনারা? সেখানে বিরোধী দল সব আসছে? স্পষ্ট জিজ্ঞাসা করেছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করেছেন? তখন তিনি বলেছেন, আপনি আমাদের সাহায্য করেন বিএনপিকে নির্বাচনে আনার জন্য।

আর এই লোকগুলো সারাক্ষণ কথা বলতে থাকে আমরা নাকি বিদেশিদের কাছে ধরনা দেই এবং আমরা বিদেশিদের সাহায্য নিয়ে কাজ করি। একদিকে নিষেধাজ্ঞা পড়েছে, অন্যদিকে বিভিন্ন অপকর্মগুলো প্রকাশ হয়ে পড়েছে বিশ্ববাসীর কাছে। সেই কারণে আজ তারা ধরনা দিচ্ছে বিদেশিদের কাছে, বলেন ফখরুল।

তিনি আরও বলেন, সবার আগে দূষণমুক্ত নির্বাচন দরকার। দূষণমুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, 'রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়'। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দেশগুলোতে কতৃত্ববাদী সরকার আছে, স্বৈরাচারী সরকার আছে, সেখানে সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এর মূল কারণ হচ্ছে, যারা জবর-দখল করে সরকারে থাকেন জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না।

খাদ্যের অভারে প্রসঙ্গ ধরে তিনি বলেন, ৬০ শতাংশ মানুষের ৩ দিনের খাবার নিশ্চিত থাকে, ৩ দিনের খাবার নিশ্চিত থাকে না—এটা পরিকল্পনামন্ত্রীর কথা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে। বলা ভালো ধ্বংস হয়ে গেছে। এর মূল কারণ কী? এই সরকারের সব কিছু লক্ষ্য থাকে একটা, দুর্নীতি। সেখান থেকে টাকা বানানো। প্রথমে টেস্টের সময় টাকা বানিয়েছে। পরে আমরা দেখলাম ভ্যাকসিন। তাদের সমর্থনপুষ্ট একজন ব্যক্তিকে লাভবান করার জন্য ভারত থেকে যে ভ্যাকসিন আমদানি করা হলো, তার দাম ৩-৪ গুণ বেশি। আজ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থায় শুধুমাত্র সরকারের মদদপুষ্ট ব্যক্তিদের লাভবান করার জন্য, দুর্নীতি বাড়ানোর জন্য পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে।

আমাকে প্রায়ই যেতে হয় সরকারি হাসপাতালগুলোতে। বিশেষ করে জেলাগুলোতে। চিন্তা করা যায় না কী ভয়াবহ অবস্থা। আমি কয়েকদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে এক রোগীকে দেখতে গিয়েছিলাম। যে কেবিনে পে করতে থাকতে হয়, টাইলসগুলো সব ভেঙে গেছে। চেয়ার একটা আছে তার একটা পা নেই এবং বাথরুমে যাওয়া যায় না। এই অবস্থার কারণ হচ্ছে, এই সরকারের এগুলো দিকে খেয়াল নেই। তাদের একমাত্র লক্ষ্য মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হবে। লাখ লাখ টাকা আয় করে বিদেশে পাঠানো যাবে। বিদেশে গিয়ে বেগমপাড়ায় বাড়ি তৈরি করবে, বলেন তিনি।

ফখরুল আরও বলেন, এর একমাত্র কারণ হচ্ছে, এদের কোনো জবাবদিহিতা নেই। কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। কারণ এরা নির্বাচিত নয়। রাষ্ট্রের যদি জনগণের প্রতি ভালোবাসা না থাকে, কল্যাণমূলক না হয়, তাদের জন্য প্রতিশ্রুতি না থাকে তাহলে সেটা কখনোই জনকল্যাণমূলক হতে পারে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা দেখছি, প্রতিটি ক্ষেত্রে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।