বিএনপির আয়োজনে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বই মেলা ও চিত্র প্রদর্শনী
বিএনপির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন প্রাঙ্গণে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বই মেলা ও চিত্র প্রদর্শনী। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ সকাল ১১টায় ২ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে। এখানে মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বইয়ের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আলোকচিত্র ও চিত্রকর্ম স্থান পেয়েছে।
মেলা উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের ৫০ বছরের ঘটনাবলীকে ধারণ করে বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।'
তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন—এটা সত্য ঘটনা, সত্য ইতিহাস। এটাকে অস্বীকার করার সুযোগ নেই।'
'সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের সূচনার ঘটনাকে বিকৃত করছে এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা আমাদের উদ্দেশ্য। সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না, কেউ ধামাচাপা দিতে পারেনি।'
তিনি আরও বলেন, 'আজকে যারা গায়ের জোরে ক্ষমতায় আছে তারা জিয়াউর রহমান, তার পরিবারকে ভয় পায়। এর কারণ হলো, আওয়ামী লীগ যেখানেই ভুল করেছে, ব্যর্থ হয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া সফল হয়েছেন।'