বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত: দীপু মনি

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'যারা অগ্নি সন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। তাদের ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।'

আজ শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, 'কতিপয় জনবিচ্ছিন্ন, জনগণ প্রত্যাখ্যাত তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, এমন কিছু পৃথিবীতে হয় না।'

এ সময়ে সেখানে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।