বিএনপির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত: তথ্যমন্ত্রী
রাজনৈতিক উদ্দেশ্যে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যার অপরাধে বিএনপির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা সমসাময়িক বিশ্বে কোথাও ঘটেনি। কোনো কোনো দেশে জাতিগত সংঘাত হয়েছে, সেখানে হচ্ছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা, ঘুমন্ত ট্রাক ড্রাইভারকে হত্যা করা এবং স্কুলগামী শিশুর ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করা পৃথিবীর কোথাও গত ১০-২০ বছরে ঘটেনি। এটি বিএনপি ঘটিয়েছে। তাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অনেক অংশগ্রহণ করেননি। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেছেন, এই নির্বাচন কমিশনের ওপর কারো কোনো আস্থা নেই। এর একমাত্র সমাধান অন্তর্বর্তীকালীন সরকার—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি, বিএনপির কাছে একমাত্র সমাধান হচ্ছে এমন একটি কমিশন-এমন একটি ব্যবস্থা দরকার যেটি আগে থেকেই নিশ্চয়তা দেবে বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। সে ধরনের নিশ্চয়তা পেলে তারা সমাধান খুঁজে পাবে। নির্বাচন কমিশন যে সুশীল সমাজসহ সবার সঙ্গে বসছে, এটি অত্যন্ত ইতিবাচক। সেখানে কেউ যেতে পারে-না যেতে পারে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার। তাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই।
আমরা অবশ্যই চাই, দেশে একটি অর্থবহ সুন্দর নির্বাচন হোক সবার অংশগ্রহণের মাধ্যমে। বিএনপিও সেখানে অংশগ্রহণ করুক, সব দল অংশগ্রহণ করুক। তবে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব দলের বিষয়। বিএনপিকে আসলে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। এ জন্য নির্বাচন নিয়ে সব সময় তারা নেতিবাচক কথা বলে আসছে, বলেন তথ্যমন্ত্রী।