বিএনপির ২০ নেতা-কর্মীর আগাম জামিন
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির ২০ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার ভাঙচুর ও হামলা মামলায় আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত ২৬ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় এক সমাবেশে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এর পরদিন ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
এই মামলায় আসামিদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট।
মামলায় অভিযুক্ত বিএনপি নেতা-কর্মীদের ৪টি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, তারা এই মামলায় জামিনের জন্য আজ হাইকোর্ট বেঞ্চে হাজির হন।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজা মণ্ডপে সাম্প্রদায়িক হামলা এবং তাদের আক্রমণ থেকে রক্ষা করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা অক্টোবরে একটি সমাবেশ করছে। ওই সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়।
এই আইনজীবী জানান, অভিযুক্ত বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর ভাঙচুর ও হামলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।