বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করবো: তথ্যমন্ত্রী
বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তারা (বিএনপি) সেই স্বপ্ন গত ১৩ বছর ধরে দেখছে। সব গণতান্ত্রিক দেশের রীতি-নীতি অনুযায়ী—ভারত, অস্ট্রেলিয়া, জাপান, কন্টিনেন্টাল ইউরোপ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও যখন নির্বাচন হয় চলতি সরকার পদত্যাগ করে আরেকটা সরকার আসে না। সুতরাং আমাদের দেশেও আসার কোনো সুযোগ নেই। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, নির্বাচনকালে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
তিনি বলেন, বিএনপি এ ধরনের কথা বহুদিন ধরে বলে আসছে। ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল, পারেনি। গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত ছিল। ১৮ সালেও এ ধরনের কথা বলেছিল পরে নির্বাচনী ট্রেনের পা-দানীতে চড়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল এবং নির্বাচনে সব দলের জোট করে নির্বাচন করেছিল ফলাফল মাত্র ৫টি আসন।
খালি কলসি বেশি বাজে। মির্জা আব্বাসসহ যেসব নেতারা হাইকোর্টে জামিন নেওয়ার জন্য পুরুষ হয়ে মহিলার বেশে বোরকা পরে হাজির হয় ওরা কী করতে পারে আমরাও জানি-জনগণও জানে। যে নেতাদের ওপর কর্মীদের কোনো আস্থা নেই। যে নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য তারা কতটুকু করতে পারবে, তাদের শক্তি-সামর্থ্য-হিম্মত, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। যদি তারা আগের মতো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষ পুড়িয়ে হত্যা করে জনগণকে নিয়ে আমরা প্রতিহত করবো।