বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার
ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে দলের পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব ইফতারের আগে স্বাগত বক্তব্যে বলেন, 'আগে সবসময় দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সাথে ইফতারে করতেন। তিনি আজ গৃহবন্দী অবস্থায় আছেন।'
ইফতারের আগে মির্জা ফখরুল কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে আয়োজিত মোনাজাতে অংশ নেন।
মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ হোসেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান একই টেবিলে বসে ইফতার করেন।
ইফতারে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। এ ছাড়া ছিলেন জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, মীর নাসির, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সুজা উদ্দিন, ইসমাইল জবিহউল্লাহ, আবদুল কাইয়ুম, এনামুল হক চৌধুরী, বিজন কুমার সরকার, ফজলে এলাহী আকবর, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, অ্যাডাভোকেট আসাদুজ্জামান, তাবিথ আউয়াল, ফাহিমা নাসরিন মুন্নী, অনিন্দ্য ইসলাস অমিত, মীর হেলাল, রুমিন ফারহানা, নজরুল ইসলাম আজাদ, অংশ নেন।
এছাড়া শিক্ষাবিদ আফম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক বোরহান উদ্দিন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক ব্যাংকার বখতিয়ার নাসের বখতিয়ার, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব তাজুল ইসলাম, সাবেক কূটনীতিক মো. আল হারুন সহ সাবেক সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে ছিলেন।
মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজে অংশ নেন।