বৈদেশিক সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা আ. লীগ চিন্তা করে না

স্টার অনলাইন রিপোর্ট

জনগণই আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বৈদেশিক সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা আওয়ামী লীগ চিন্তা করে না। আজ রোববার দুপুরে 'টিসিবির জরুরি পণ্য সরবরাহ' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষের প্রতি আমাদের আস্থা আছে। দীর্ঘ প্রায় ১৩ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়। আপনাদের ভোটেই তিনি আজ রাষ্ট্র ক্ষমতায়। জনগণের ভোটে আমাদের আস্থা আছে, জনগণের প্রতি আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, জনগণের ভালোবাসা অর্জন করেই আগামী নির্বাচনে আবার আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। কোনো অবস্থাতেই পেছনের দরজা দিয়ে বা কোনো বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা আওয়ামী লীগ কোনো সময় চিন্তা করে না। জনগণ আমাদের মূল শক্তি।

'সমালোচকদের' উদ্দেশে তিনি বলেন, অহেতুক সমালোচনার পথ পরিহার করুন। আন্দোলনের নামে মাঠ গরম করার চেষ্টা বাদ দেন। আন্দোলনের হুমকি দিচ্ছেন, এসব পথ পরিহার করে জনগণের কাছে আসুন। জনগণ যদি আপনাদের ডাকে সাড়া দেয় তাহলে ভবিষ্যতে কিছু আশার সঞ্চার হতে পারে। কিন্তু আপনারা যে পথে হাঁটছেন তাতে জনগণ কোনো সময় আপনাদের ডাকে সাড়া দেবে না, আপনাদের পাশে থাকবে না। আমাদের সঙ্গেই জনগণ আছে, বলেন তিনি।