ভেড়ামারায় আ. লীগ নেতা হত্যা, জাসদকে দায়ী করে আল্টিমেটাম

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় গুলি করে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যার ঘটনায় জাসদকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতে ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা জাসদের বিরুদ্ধে স্লোগান দেন। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিক উল আলম চুনু এবং সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা।

তারা বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরোধের জেরে জাসদের মনোনীত প্রার্থী হাফিজ তপন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আবদুল হাফিজ তপন কুষ্টিয়া জেলা শাখা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের ছোট ভাই।

এদিকে সিদ্দিক হত্যার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলেছে, এখনো এ ঘটনায় কেউ মামলা করেনি।

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে মাঠের মধ্যে গুলি করে হত্যা করে। এ সময় তার তিন ভাই ও এক ভাইপো গুলিবিদ্ধ হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আছে। মামলা হলে ঘটনা মিলিয়ে দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

ভেড়ামারা থানার একটি সূত্র জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার থানায় জমা দেওয়া হয়েছে। সেখানে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও তার ভাই আব্দুল হাফিজ তপনকে আসামি করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি।

এই হত্যাকাণ্ডে জাসদকে জড়ানোর তীব্র সমালোচনা করেছেন জেলা শাখা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। তিনি বলেন যেকোনো হত্যাকাণ্ডই নিন্দনীয়। কুষ্টিয়া বা ভেড়ামারায় রাজনীতিতে আওয়ামী লীগ ও জাসদ প্রতিপক্ষ নয়।

ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান জানান, ভেড়ামারায় গোষ্ঠীগত দ্বন্দ্ব প্রবল। বিগত ৫৭ বছরে সেখানে অন্তত ৩২টি হত্যাকাণ্ড হয়েছে। সবগুলো বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।