ভোট চোরদের পাঁয়তারা শুরু হয়েছে, প্রতিহত করতে হবে: আমির খসরু

স্টার অনলাইন রিপোর্ট

নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী যে নির্বাচন আসছে, তাকে কেন্দ্র করে ভোট চোরদের পাঁয়তারা শুরু হয়েছে। চুরির মালের একটি অংশ খাওয়ার জন্য উচ্ছিষ্টভোগীরা ঘুরঘুর করছে। এদের চিহ্নিত করতে হবে, প্রতিহত করতে হবে। তার মাধ্যমে আমরা সফলতা পাব।

আজ বুধবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধকে বেচা-বিক্রির এই কালচার ‍দুনিয়ার কোনো দেশে নেই। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনৈতিক বেচা-বিক্রি হয়। এটাকে ক্যাপিটাল করে তারা বেঁচে থাকতে চায়। ক্ষমতাসীনরা যখন করে তখন সেটা ইতিহাস হয় না, প্রপাগান্ডা হতে পারে। বিশেষ করে দখলদার ক্ষমতাসীনরা যদি কোনো ইতিহাস সৃষ্টির চেষ্টা করে সেটা ভয়ঙ্কর রূপ নেয়। বাংলাদেশ আজ ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। দখলদার শাসক নিজেদের ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশে। আরও ভয়ঙ্কর হচ্ছে, তার জন্য তারা বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, একটি বিভ্রান্তিমূলক, বিকৃত ইতিহাস তারা আজ সৃষ্টি করেছে এবং করে যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ইতিহাসের প্রতিটি মাইলফলক উন্মোচিত করতে হবে। একটি মাইলফলক নিয়ে শুরু হয়েছে যেটা হচ্ছে শহীদ জিয়ার পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। সেটা প্রথম মাইলফলক। শহীদ জিয়া পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তাদের হত্যা করেছেন এবং মুক্তিযুদ্ধে নেমেছেন। দ্বিতীয়টি হলো স্বাধীনতার ঘোষণা। এর পরে অনেকগুলো মাইলফলক আছে। ইতিহাস বিকৃতিকারীদের পরাজিত করতে হলে প্রত্যেকটি মাইলফলক উন্মোচিত করতে হবে। তার পেছনের যে সঠিক ইতিহাস সেটা তুলে ধরতে হবে।

আগামী ২৭ মার্চ আমরা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি বলবো, এই অনুষ্ঠান বাংলাদেশের আগামী দিনের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আওয়ামী লীগ আত্মসমর্পন করেছে তখন শহীদ জিয়ার আবির্ভাব ঘটেছে। উনি বিদ্রোহ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ২৬ তারিখের ঘোষণার স্মরণে ২৭ তারিখের অনুষ্ঠান। স্লোগান হবে 'চলো চলো কালুরঘাট চলো, চলো চলো চট্টগ্রাম চলো'। এটা বিএনপির নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইতিহাসের অনেক বড় ঘটনা, বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা আজ ইতিহাস বিকৃত করে ক্ষমতা দখল করে এগিয়ে যাচ্ছে, তাদের পরাজিত করতে হলে শুধু ইতিহাস বিকৃতি নয় আগামী দিনগুলোতে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি সেটাকে সফল করতে হবে।