যত ধরনের অপকর্ম আছে বিএনপি সব কিছুর সঙ্গে জড়িত: দীপু মনি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও তারা আসলে অপরাজনীতি করে। যত ধরনের অপকর্ম আছে তারা সব কিছুর সঙ্গে জড়িত থাকে।
আজ শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, 'বিএনপি একদিকে বলছে নির্বাচনে অংশ নিবে না। অন্যদিকে সব জায়গায় তাদের কেউ না কেউ অংশ নিচ্ছে। এটা বিএনপির জন্য নতুন কিছু নয়। কাজেই বিএনপি মুখে এক রকম বলে আর কাজে অন্যটা করে। দেশের যে নিয়ম এবং সারা পৃথিবীতে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা বিকল্প যে পদ্ধতির কথা বলে সেটি নিজেরাই ধ্বংস করে দিয়েছে। কাজেই ভিন্ন কোনো পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আশা করি সামনে যত নির্বাচন আছে তা অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।'
বিভিন্ন পাঠ্য বইয়ে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'অতি সম্প্রতি কিছু বইয়ে ভুল নিয়ে যে মামলা হয়েছে সেই ভুলগুলো সুধরে ফেলা কোনো বিষয় নয়। তারপরও যদি কোথাও কোনো অনিচ্ছাকৃত ভুল থেকে যায় তা অবশ্যই সংশোধন করা হবে।'
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধূরীসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।