রোজা গেলে বুঝবেন কোন ঈদের পর আন্দোলন: মির্জা আব্বাস

স্টার অনলাইন রিপোর্ট

সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'আন্দোলন শুরু হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে। রোজার জন্য খানিকটা স্থগিত আছে। রোজা গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।'

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটন এলাকায় লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

কোন ঈদের পর বিএনপি আন্দোলন শুরু করবে তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, আন্দোলন শুরু করতে দিন-তারিখ দিতে হয় না। বুঝতে পারবেন আন্দোলন শুরু হলেই। যখন শুরু হবে বুঝতে পারবেন, কোন ঈদের পর আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন শুরু হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে। রোজার জন্য খানিকটা স্থগিত আছে। রোজা গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, উনি (প্রধানমন্ত্রী) দেশে শক্তিশালী বিরোধী দল দেখতে পাচ্ছেন না। দেশে বিরোধী দলকে মেরে-পিটে-কেটে, গুম করে, হত্যা করে, জেলে পুরে, শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিএনপি এমন একটি দল, যে দল শেষ হয়নি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট দল লালন করেছেন তার সুযোগ্য সহধর্মীনী বেগম খালেদা জিয়া, যে দল পরিচর্যা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই দল দুর্বল হওয়ার নয়। এই দলকে আপনারা দুর্বল করতে পারবেন না। এই দল শক্তিশালী বিরোধী দল হিসেবে, শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ঈদের পর আপনাদের কিছু একটা উপহার আমরা দেবো। অপেক্ষায় থাকেন, বেশি দেরি হবে না—বলেন মির্জা আব্বাস।

তিনি আরও বলেন, সরকারের অত্যাচার, অনাচার, নিপীড়নের পরও আমাদের নেতা-কর্মীরা বুকে পাথর বেঁধে যেভাবে আজ কাজে নেমেছে ইফতার পার্টির মাধ্যমে; অনেকে ভাবতে পারেন ইফতারে তো খাওয়ার জন্য আসছে, না, এটা নিছক খাওয়ার অনুষ্ঠান নয়। এটা সংগঠন শক্তিশালী করার অনুষ্ঠান বটে। সংগঠন শক্তিশালী, আন্দোলন শক্তিশালী।