লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ফুল দিয়ে ফেরার পথে মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায়-দফায় ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলার সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে জেলায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ দলের জ্যেষ্ঠ নেতারা আহতদের দেখতে হাসপাতালে যান।

আহত অন্তত ২০ জনের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানান, রায়পুর গাজী মার্কেট থেকে সকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান। সেখানে ফুল দিয়ে ফেরার পথে তারা সরকারবিরোধী স্লোগান দেন। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়।

এর জের ধরে শহরের প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়ও ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সে সময় একটি মোটর সাইকেল ভাঙচুর করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আহত ৮-১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।' বিনা উস্কানিতে হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নেতাকর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে মিছিল করেছে। তারা লাঠি নিয়ে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।'

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ডেইলি স্টারকে বলেন, 'মিছিল করা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক। শহরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।'

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।