শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে প্রমাণিত হয়েছে দেশে কোনো সরকার নেই: ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংঘর্ষের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দেশে আসলে কোনো সরকার নেই।

আজ বৃহস্পতিবার সকালে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এবং তারা রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাদের চোখের সামনে ঘণ্টার পর ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে দুটি পক্ষের মধ্যে সেটাকে তারা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের কর্মকর্তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা কোনো পক্ষ ছিল না নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দেশ পরিচালানায়, দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এটা পরিষ্কার হয়ে গেছে, এই অবৈধ সরকার যার জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা পূর্বপরিকল্পিতভাবে এ দেশ থেকে গণতন্ত্রকে হরণ করেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং ছাত্রদের যে ন্যূনতম অধিকার রয়েছে, ন্যূনতম ব্যয়ে শিক্ষা লাভ করা সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি চরম দুর্যোগের দিকে গেছে। ভয়বহ দুর্নীতির কড়াল গ্রাসে এই দেশকে তারা যুক্ত করেছে।

এই কারণে আজ সারা দেশের মানুষ দাবি তুলেছে, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধায়নে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের কাছে গ্রহণযোগ্য সবার অংশগ্রহণে পার্লামেন্ট গঠন করা এখন সবচেয়ে বড় দাবি, বলেন বিএনপি মহাসচিব।