শৈলকুপায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলার অভিযোগ
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে। শনিবার সকালে শৈলকুপা শহরের কবিরপুরে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।
শৈলকুপা উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব হুমায়ুন বাবর ফিরোজ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর প্রস্তুতি চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অহিদুজজামান ইকু সাংবাদিকদের বলেন, শৈলকুপায় বিএনপি-জামায়াতকে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।
আজকের ঘটনায় শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেন আহত হন। ভাঙচুর করা হয় শতাধিক চেয়ার। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। বিরোধী দলীয় গ্রুপ হামলা করেছে বলে জানা গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।