শ্রীনগরে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির র‍্যালি ও ফুলে দেওয়া কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

বিএনপির অভিযোগ, শনিবার সকাল ১০টা থেকে হরপাড়া এলাকায় উপজেলা বিএনপি কার্যালয়সহ শ্রীনগর চৌরাস্তা, বাইপাস, কলেজগেটসহ কিছু জায়গায় বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, 'স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১১টায় র‍্যালি নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার কথা ছিল। কিন্তু, সকাল ৮টা থেকেই পুলিশ আমাদের নেতা-কর্মীদের বাধা দেয়। কার্যালয়ে আসতে দেয়নি। কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে সবাইকে দূরে সরিয়ে দিয়েছে। অনেক জায়গায় ১৫-২০ জনকে লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছে। তবে, কাউকে আটক করেনি পুলিশ।

'দাঙ্গা-হাঙ্গামার কারণ দেখিয়ে এ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'পূর্বেই এ কর্মসূচির ব্যাপারে পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছিল। ৫-৭ জন নেতা-কর্মী নিয়ে এ কর্মসূচির অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু, সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসা নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। এজন্য আমাদের স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে।'

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, 'যে কোনো রাজনৈতিক দল স্বাধীনতা দিবসের বিজয় মিছিল করতে পারে। এটি একটি জাতীয় ইস্যু। কিন্তু, এ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমরা চেষ্টা করেছিলাম শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে। কিন্তু, সেটি করতে দেয়নি। আমাদের ওপর আর কত জোর-জুলুম করবে?'

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, 'কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দু'টি গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা করার আশঙ্কা ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে। আমরা কাউকে আটক করিনি।'