‘সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব দিতে হবে’

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সময়ে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে।

আজ বুধবার দুপুরে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়ায় গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'বর্তমান সময় ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে। সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে। ৬শর অধিক নেতা-কর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।'

জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জামিলুর রশিদ খান, সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এবং খোন্দকার আকতার হামিদ ডাবলুসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।