সরকারকে পরাজিত করে খালেদা জিয়াকে মুক্ত করবো: ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে পরাজিত করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রোববার সকাল ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম এবং ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র-স্বাধীনতা সার্বোভৌমত্বকে সুসংহত করতে সক্ষম হয়েছিলাম, আজ ৫০ বছর পরে স্বৈরাচারী-ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে সেসব আশা-আকাঙ্ক্ষা ধুলিস্মাৎ করে দিয়েছে। রাষ্ট্রের সব স্তম্ভ তারা নির্মম হাতে ধ্বংস করে দিয়েছে। আজ দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, দেশের মানুষের বাক-স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। পুরোপুরি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, এখনো এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা-বেআইনি মামলার মধ্য দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। ৩৫ লাখ দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খুন হচ্ছে, গুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফখরুল বলেন, এই দিনে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল। বিচার বিভাগ, সংবাদপত্রে স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। বাংলাদেশ তার নিজের পরিচয় নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল। সেই কারণে বারবার আমরা এই দিনটিকে স্মরণ করি।

আজ আমরা শপথ নিয়েছি, দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে পরাজিত করে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার আন্দোলন আমরা করবো— বলেন ফখরুল।