সরকারের ব্যর্থতায় রমজানেও মানুষ স্বস্তিতে নেই: মির্জা ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

সরকারের ব্যর্থতার কারণেই রমজানেও দেশের মানুষ স্বস্তিতে দিন কাটাতে পারছে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রথম রোজায় এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আজকে মাহে রমজানের মধ্যেও আমরা শান্তিতে, স্বস্তিতে দিন কাটাতে পারছি না। প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। এলপিজি গ্যাসের দামও টানা বাড়িয়ে চলেছে।'

তিনি আরও বলেন, 'সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যর্থ। দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করে আজকে দেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে তারা।'

ফেব্রুয়ারি ও মার্চে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর এপ্রিল মাসেও দাম বৃদ্ধিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'সরকার বিশ্ব বাজারে দাম বৃদ্ধির কথা বলে টানা ৩ মাস এলপিজির দাম বাড়ালো।'

রাজধানীর ট্রাফিক ব্যবস্থার ভয়াবহতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আপনারা দেখেন আজকে এখানে (ইফতার অনুষ্ঠান) অনেক মেহমান আসতে পারেননি, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থীরা আসতে পারেননি। কারণটা কী? ট্রাফিক জ্যাম। এতো ভয়াবহ ট্রাফিক জ্যাম যে কেউ এসে পৌঁছাতে পারেননি।'

আজ রোববার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ইফতারের ১৫ মিনিট আগে অর্ধেক অতিথি অনুষ্ঠানে এসে পৌঁছাতে পারেন।

বিএনপি মহাসচিব প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে থেকে পরবর্তীতে মোটরসাইকেল যোগে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ইফতার শুরুর সময়েই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান। তিনি জানান, প্রচণ্ড ট্রাফিক জ্যামে নিজের গাড়ি রাস্তায় রেখে পায়ে হেঁটে আসতে হয়েছে।

তেজগাঁও মহিলা এতিমখানা, শান্তিনগর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং ফার্মগেট মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ইফতার শুরুর প্রায় ৫ মিনিট পর অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান।

উলামা-মাশায়েখদের মধ্যে বাড্ডা জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন, স্পিচ অব ইসলামের প্রেসিডেন্ট মাওলানা রেজাওয়ানুর রহমান খাঁন, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের ইমাম মুফতি মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদপুর বায়তুল ফজল সিনিয়র মাদ্রাসার প্রধান মাওলানা গোলাম মাওলা মূল মঞ্চে ছিলেন।

ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুল কাইয়ুম, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার ছিলেন।

ইফতার শুরুর আগে বিভিন্ন টেবিল ঘুরে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব।

ইফতারের সময়ে মির্জা ফখরুল বলেন, 'প্রতি বছর আমরা ১৬ কোটি মানুষের প্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেছি। দুর্ভাগ্য আমাদের, সাবেক প্রধানমন্ত্রী আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের কাছে থেকে ৮ হাজার মাইল দুরে নির্বাসিত অবস্থায় রয়েছেন।'

তিনি আরও বলেন, 'আমরা এই মাহে রমজানে আশা করেছিলাম, সকল জিনিসপত্রের দাম কমবে। না কমলে অন্তত বাড়বে না। দুর্ভাগ্যের কথা, প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যেটা নিয়ে আপনারা লক্ষ্য করেছেন যে, আমরা দলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি।'