সরকার বাজেট করছে লুটপাটের জন্য: মির্জা ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

সরকার লুটপাটের জন্য বাজেট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'এটা কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা আজকে বাজেট ঘোষণা করছে তারাতো জনগণের প্রতিনিধি নয়। বাজেট ঘোষণা করার কোনো অধিকার তাদের নেই। সরকার বাজেট তৈরি করছেন নিজেদের লুটপাটের জন্য। ভবিষ্যতে কিভাবে আরও লুটপাট করতে তারা এই হিসাব করে।'

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার ৪টি ওয়ার্ডে কাউন্সিলে এসব কথা বলেন তিনি। এর আগে সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নেতা অসুস্থ এস এ খালেককে দেখতে তারা বাসায় যান বিএনপি মহাসচিব।

বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আমরা এর আগেও বাজেট নিয়ে কথা বলেছি, প্রতিক্রিয়া জানিয়েছি। এইবার কোন প্রতিক্রিয়া জানাতে চাই না। আমরা বাজেটের প্রতিক্রিয়া দেবো না।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও আমাদের কোনো স্বাধীনতা নেই। আমাদের কথা বলার স্বাধীনতা নেই। আজকে খালেক সাহেবের বাসায় এসে আপনাদের সম্মেলন করতে হয়েছে। কেন আজকে আমরা বড় একটা টাউন হলে প্রোগ্রাম করতে পারছি না। কারণ পুলিশ আমাদের প্রোগ্রাম করতে দিতে চায় না। সরকারি গুণ্ডারা, আওয়ামী লীগের গুণ্ডারা আমাদের প্রোগ্রামে বাধা দেয়। তাদের যে অধিকার, আমাদেরও সেই অধিকার আছে। এই দেশটাতো সবার। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ ততদিন ক্ষতিগ্রস্ত হবে।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন বলে পাগল হয়ে যাচ্ছে। আরে উন্নয়নটা কোথায়? তারা অবকাঠামো বানাচ্ছে আর নিজের পকেট ভরছে। শতকরা ৪২ ভাগ লোক এখন দারিদ্র সীমার নিচে চলে গেছে।

ফখরুল বলেন, আজকে আমাদের দলের নেতাকর্মীরা কোথাও সংগঠিত হতে গেলেই গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল বুধবার ঢাকা বারে দুই জন আইনজীবীকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে দিয়েছে। কোন জায়গায় আছি আমরা যে, একজন আইনজীবীকেও রিমান্ডে নেওয়া হয়। আজকে আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ নেই, কোন বিকল্প নেই।