সাভারের বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, সাভার

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাভারে মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলে পুলিশের বাধা ও লাঠি চার্জে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ ছাড়া বিএনপির ২ কর্মীকে আটক করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাসভবনে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি রাজালাখ ফার্মের কাছে পৌঁছালে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা রাঙ্গাবন নার্সারির সামনে পথ সভার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের লাঠি চার্জ করে।

ঢাকা জেলা বিএনপির সহকারী যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএনপি সাবেক এমপি  ডাক্তার সালাউদ্দিন বাবুর ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এতে পৌর বিএনপির আহবায়ক খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ আমাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া আমাদের ২ কর্মীকে তুলে নিয়ে গেছে পুলিশ।'

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে এক এসআইসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।'