সাভারে বিএনপির ৫০ নেতা-কর্মীর নামে মামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার 

অনুমতি না নিয়ে মহাসড়কে মিছিল ও পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপির ৫০ জন নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুরুল কবির সৈকত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম দ‍্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

ওসি আরও বলেন, এই ঘটনায় আটক ২ ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাড়ির প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বিরুদ্ধে মিছিলকারীদের বাধা দেওয়া ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। এতে বিএনপির অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের এক এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।