হৃদয়ের রবীন্দ্রনাথকে ধারণ করার পথ জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বন্ধ করেছিলেন: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া বাংলাদেশে রবীন্দ্রনাথকে বিকশিত হতে দেয়নি। তাদের সময়ে রবীন্দ্র গবেষকদের নির্যাতন করা হয়েছিল, রবীন্দ্র গবেষণাও তেমনভাবে হয়নি।
প্রতিমন্ত্রী গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা শিল্পকলা একাডেমীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি সকল ক্ষেত্রে পথ দেখানো একজন মহাপুরুষ। আমাদের হৃদয়ের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে রবীন্দ্রনাথকে ধারণ করার পথটি জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বন্ধ করে দিয়েছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এটা দুঃখজনক যে রবীন্দ্রনাথকে আমরা অনুসরণ করিনি। তার সাহিত্যের উর্বরতার জায়গায় যেতে পারিনি। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে ধারণ করতে পারলে আরও মানসম্মত জাতিতে পরিণত হতাম।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা সাধারণ হত্যাকাণ্ড হিসেবে দেখেন। আসলে এটি সাধারণ হত্যাকাণ্ড নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র গবেষণার ব্যবস্থা করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের সময়ে রবীন্দ্র মেলার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট ছিল না, তাদের বাজেট ছিল হাউজি খেলা ও নাচের জন্য।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। জাপানের এক গবেষণায় জানা গেছে, করোনাভাইরাস থেকে সুরক্ষা লাভের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বের ১২১টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।
সিরাজগঞ্জ এবং পাবনার নৌপথ ও নদীবন্দরগুলোর আরও উন্নয়ন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাঘাবাড়ি নৌপথটিকে এক নম্বর রুটে উন্নীত করা হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে ঘিরে এখানকার নৌপথের উন্নয়ন করা হবে।