২৮ মার্চ আধাবেলা হরতাল পালনের আহ্বান সিপিবির

স্টার অনলাইন রিপোর্ট

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শুক্রবার সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের দেওয়া এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

গ্যাসের দাম বাড়ানোর 'অপতৎপরতা' বন্ধের দাবি জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, 'গ্যাস বিক্রি করে কোম্পানিগুলো লাভে আছে। এসব কোম্পানি দূর্নীতি, অনিয়ম, অপচয় দূর করেনি। ভুল নীতিতে চলছে। দেশের গ্যাসের যতটুকু উত্তোলন সম্ভব ততটুকু উত্তোলন করা হচ্ছে না। স্থল ও সমুদ্রের গ্যাস অনুসন্ধান করতে যথাযথ পদক্ষেপ নেই।'

এসব সমস্যার সমাধান করতে পারলে গ্যাসের দাম কমিয়ে আনা যেত মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, 'এটি না করে দেশেকে এলএনজি আমদানিনির্ভর করে তোলা হয়েছে। বেশি দামে গ্যাস কেনার কথা বলে সাধারণ মানুষকে ভর্তুকির কথা শোনানো হচ্ছে। আর এই ভর্তুকির টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলতে অহেতুক দাম বাড়ানোর অপতৎপরতা চালাচ্ছে। সরকারের এই ভুল নীতি ও দূর্নীতির দায় সাধারণ জনগণ নেবে না।'

এ ছাড়া সিপিবির পক্ষ থেকে গ্যাসের দাম বৃদ্ধির অযৌক্তিক আবেদন নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির আয়োজন বন্ধ করার দাবি করা হয়েছিল জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'বিইআরসি আমাদের কথা না শুনে গণশুনানি অব্যাহত রেখেছে। ইতোমধ্যে সরকার ও বিইআরসির বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা না থাকলেও দাম বাড়াবে।'

এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর এই তৎপরতা বন্ধের জন্য পুনরায় দাবি জানিয়ে সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, 'আমরা সুবিধামতো সময়ে দাম কমানোর লক্ষ্যে ও গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গণশুনানি আয়োজনের আহ্বান জানাচ্ছি।'

গত ১১ মার্চ ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। এই জোটে সিপিবি একটি শরিক দল।

এদিকে এই হরতালে সহিংসতা হলে জনগণের জানমাল বাঁচাতে নিরাপত্তা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 'পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম' উদ্বোধন শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।