রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে অপারগতা প্রকাশ বাসদের
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন শুক্রবার দিবাগত রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে যোগদানের বিষয়ে দলের "অপারগতা" প্রকাশ করে বঙ্গভবনে একটি চিঠি পাঠানো হয়েছে।'
চিঠিতে বাসদ রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে যে ২০১২ ও ২০১৭ সালের সংলাপে দলের দেওয়া প্রস্তাবের কোনো বাস্তবায়ন হয়নি।
দলটি আগের প্রস্তাবগুলোর পুনরাবৃত্তি করতে চায় না এবং সেগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে এ চিঠি দিয়েছে।
চিটিতে আগের প্রস্তাবগুলো বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজেকুজ্জামান রতন বলেন, 'আমরা আজ বঙ্গভবনে চিঠি দিয়েছি। চিঠিতে রাষ্ট্রপতির বিবেচনার জন্য ২০১৭ সালের সংলাপের আমাদের ৫ দফা সুপারিশ সংযুক্ত করেছি।'
৫ দফার মধ্যে আছে নির্বাচন কমিশন আইন প্রণয়ন, নির্বাচন কমিশনারের সংখ্যা ৮ জন করা, না ভোটের বিধান রাখা প্রভৃতি।
বঙ্গভবন থেকে গত ১৯ ডিসেম্বর একটি চিঠি পাঠিয়ে বাসদকে ২৬ ডিসেম্বর সংলাপে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।