কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৬.৭৩ শতাংশ, মৃত্যু ১
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০৪টি নমুনা পরীক্ষায় সাত জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৭৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ২২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৮০ শতাংশ। এই সময়ে জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি।
আজ রোববার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সাত জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৫৬ জন।'
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত রয়েছেন ৩৮ জন। বাকি ১৫ জন উপসর্গ নিয়ে। জেলায় হোম আইসোলেশনে আছেন ৪২৪ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ৭৪৮ জন।