খুলনায় আরও ৮ জনের মৃত্যু শনাক্ত ৩০ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে তিনটিতে আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৩৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ শতাংশ।
আজ শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
সূত্র মতে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা পজিটিভ ছিলেন।'
তিনি জানান, ২০০ শয্যার এ করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১২১ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়েলো জোনে ৪২ জন, এইচডিইউতে ১৩ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ২৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে সাত জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যার করোনা ইউনিটে ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে ছয় জন ও এইচডিইউতে তিন জন।'
'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন,' যোগ করেন তিনি।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৬৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন ও এইচডিইউতে দুই জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত জন।