খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ৩৪ মৃত্যু, শনাক্ত ২২.০৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে তিন হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা করে মোট ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ০৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৫ জনের মৃত্যু হয় এবং ৭৮৫ জনের করোনা শনাক্ত হয়।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া, যশোরে ছয় জন, খুলনা ও মেহেরপুরে চার জন করে, মাগুরা ও ঝিনাইদহে তিন জন করে, বাগেরহাট ও নড়াইলে দুজন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি।

বিভাগের বিভিন্ন জেলার মধ্যে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৩১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া, খুলনা জেলায় ১৪৫ জন, বাগেরহাটে ৫৪ জন, সাতক্ষীরায় ৫৮ জন, যশোরে ১৩৫ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ৬৫ জন, ঝিনাইদহে ৩৮ জন, চুয়াডাঙ্গায় ৩৯ জন ও মেহেরপুরে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ৯৭ হাজার ৬৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৫৫৪ জন।

এর মধ্যে খুলনা জেলায় মারা গেছেন ৬৫৭ জন, কুষ্টিয়ায় ৫৯৮ জন, বাগেরহাটে ১২৯ জন, সাতক্ষীরায় ৮৫ জন, যশোরে ৩৭৪ জন, নড়াইলে ৯৬ জন, মাগুরায় ৭৬ জন, ঝিনাইদহে ২১৭ জন ও মেহেরপুরে ১৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।