খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ২৩.৪৪ শতাংশ
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে তিন হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৩ দশমিক ৪৪ শতাংশ।
আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে ৩৪ জন মারা যান ও ৮১৭ জনের করোনা শনাক্ত হয়।
সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া, খুলনায় নয় জন, ঝিনাইদহে ছয় জন, যশোরে পাঁচ জন, মেহেরপুরে চার জন এবং বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। এছাড়া, বাগেরহাটে ২৯ জন, সাতক্ষীরায় ৬১ জন, যশোরে ১৩৫ জন, নড়াইলে ৩৮ জন, মাগুরায় ২৪ জন, ঝিনাইদহে ৪৭ জন, কুষ্টিয়ায় ১১৬ জন, চুয়াডাঙ্গায় ৫৯ জন, মেহেরপুরে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ৯৮ হাজার ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৫৯০ জন।