টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ২৫.৬৭ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। এছাড়া, আরও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা যাওয়া সাত জনের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮১৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৭ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট ১৪ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হলো।