টিকা ছাড়া বেনাপোল কাস্টমসে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

বেনাপোল কাস্টমস হাউসে টিকা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এমন একটি নির্দেশনা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আগামী ১৬ আগস্টের পর থেকে এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে।

গতকাল বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস হাউসের এক নির্দেশনায় বলা হয়েছে, টিকা গ্রহণ ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের বেনাপোল কাস্টমস হাউসের ভেতরে প্রবেশ সীমিত করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম এই আদেশে স্বাক্ষর করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারের রাজস্ব আদায় কার্যক্রম জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও সিএন্ডএফ এজেন্টসহ অন্যান্য অংশীজনরা মৃত্যু ঝুঁকি নিয়েও কাজ করছেন।'

'কাস্টমস হাউসের গেটে ফিঙ্গার প্রিন্ট বসানো হয়েছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ফিঙ্গার প্রিন্ট ছাড়া কাস্টমস হাউসে প্রবেশের ক্ষেত্রেও বাধ্যবাধকতা থাকছে।'