টিকা না দিয়ে সিরিঞ্জ পুশ: পাবনায় দুই নার্স প্রত্যাহার
পাবনা জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে এক শিক্ষার্থীকে টিকা না দিয়ে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগে দুই নার্সকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের টিকাকেন্দ্র থেকে প্রত্যাহার করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকলেও যেহেতু বিষয়টি সবার সামনে এসেছে সেহেতু ওই দুই নার্সকে টিকাদান কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বক্তব্য দেন টিকাকেন্দ্রে টিকা নিতে যাওয়া বেসরকারি মেডিকেল শিক্ষার্থী সাবাহ মরিয়মের বাবা মো. আব্দুল হান্নান। সেখানে তিনি বলেন, গতকাল টিকা নিতে পাবনা জেনারেল হাসপাতালে যায় তার মেয়ে। সেখানে টিকা না দিয়ে খালি সিরিঞ্জ পুশ করা হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক এর প্রতিবাদ করলে পরে তাকে টিকা দেওয়া হয়।
আব্দুল হান্নানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, আমার মেয়ে একজন মেডিকেলের ছাত্রী হওয়ায় সহজেই বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করে। সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এটি করা হয়েছে বলে তিনি জানান। তবে এ বাপারে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, ডা. কে এম আবু জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি জানার পর ওই কেন্দ্রে দায়িত্বরত দুই নার্সকে ডেকে পাঠানো হয়। তাদের কাছে জানতে চাওয়া হলে তারা এ বিষয়টি অস্বীকার করেছেন।