নোয়াখালীতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ শনাক্ত ৩৩.০৯ শতাংশ
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১৩টি নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ০৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে সদর উপজেলায় দুই জন, বেগমগঞ্জ, সুবর্ণচর ও সোনাইমুড়ি উপজেলার একজন করে রয়েছেন।
এই নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। তাদের মধ্যে সদর উপজেলার ৩৬ জন, সুবর্ণচরের ছয় জন, হাতিয়া দুই জন, বেগমগঞ্জের ৬১ জন, সোনাইমুড়ীর ১৬ জন, চাটখিলের ২৩ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জের চার জন ও কবিরহাটের ২৩ জন রয়েছে।
সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার ডেইলি স্টারকে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, সুবর্ণচরের ১৩ জন, হাতিয়ার পাঁচ জন, বেগমগঞ্জের ১২ জন, সোনাইমুড়ীর দুই জন, চাটখিলের ১৩ জন, সেনবাগের নয় জন, কোম্পানীগঞ্জের ৯২ জন ও কবিরহাটের ৩০ জন রয়েছেন।
এ ছাড়া, জেলায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৩ শতাংশ।
এ দিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ১১৬ জন। কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) বর্তমানে ভর্তি রয়েছেন ৯১ জন।