ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৩.৮৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জন ও উপসর্গে ২ জন মারা গেছেন। একই সময়ে ২৬০টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ।

আজ সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন করোনা শনাক্ত হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ৩ জনের মধ্যে ফরিদপুরের ২ জন ও গোপালগঞ্জের ১ জন আছেন।'

'গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন' উল্লেখ করে তিনি বলেন, 'করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে বর্তমানে ৫৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা রোগী ৩৯ জন।'

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, ২৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।'

এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট ২১ হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।