ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০.৩০ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন। একই সময়ে জেলায় ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪০ দশমিক ৩০ শতাংশ।

আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২৫ জনের নমুনা পরীক্ষা করে আট জনের করোনা শনাক্ত হয়।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে যে ১১ জন মারা গেছেন তাদের মধ্যে ফরিদপুরের ছয় জন, রাজবাড়ী ও মাদারীপুরের দুই জন করে এবং গোপালগঞ্জের একজন আছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ পর্যন্ত ফরিদপুর জেলায় ১৮ হাজার ৪৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।'

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, 'বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।'

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন।