মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৯.৭১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। করোনা উপসর্গ নিয়ে মোসলেম উদ্দিন (৭০) নামে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোণার বাসিন্দা।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭৩ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪০টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৩১ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১৬ জন।