সর্বকালের সেরা বিতর্ক: মেসির উপরে পেলেকে রাখলেন রোমারিও
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির আবেগঘন বিদায় নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও দিয়া-য় প্রকাশিত নিজের কলামে ফুটবল ইতিহাসের সেরা তারকাদের মূল্যায়ন করতে গিয়ে মেসিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন তিনি। তবে সর্বকালের সেরা বিতর্কে পেলের শ্রেষ্ঠত্বের জায়গায় নিজের অনড় অবস্থানের কথাই জানিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
মেসি কি পেলের চেয়ে বড়? রোমারিও তার কলামে সোজাসাপ্টা লিখেছেন, ‘মেসি এক অবিশ্বাস্য ফুটবলার, কিন্তু পেলের সঙ্গে তার কোনো তুলনা হয় না। দক্ষতা, গতি আর গোল করার নিখুঁত যোগ্যতার এমন সমন্বয় আর কারও মধ্যে দেখা যাবে না। মেসির প্রতি আমার অগাধ সম্মান রয়েছে, তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তবে আজ থেকে ৫০ বছর আগেই পেলে যে ফুটবলটা খেলে গেছেন, তা ছিল সেই সময়ের চেয়ে বহুদূর এগিয়ে।’
মেসির আবেগঘন বিদায় ও রোমারিওর স্মৃতি
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ 'দ্য লাস্ট টাঙ্গো'-র কথা স্মরণ করে রোমারিও লেখেন, গ্যালারিতে ৮৫ হাজারের বেশি দর্শকের গর্জন আর 'গ্রাসিয়াস' লেখা বিশাল ১০ নম্বর জার্সির দৃশ্য তাকে নিজের আন্তর্জাতিক বিদায়ের কথা মনে করিয়ে দিয়েছে। ২০০৫ সালে গুয়াতেমালার বিপক্ষে ব্রাজিলের হয়ে নিজের বিদায়ী ম্যাচে গোল করে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত সদ্যজাত কন্যা আইভির উদ্দেশ্যে বার্তা দেওয়ার স্মৃতি টেনে মেসিকে সম্মান জানান তিনি।

