মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ১২.৭২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা যান।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন ও শেরপুরের ১ জন আছেন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনহর (৬৫)। এ ছাড়া, ময়মনসিংহ সদরের বিবেকানন্দ (৮১) এবং শেরপুর সদরের নুরজাহান (৪০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন।