মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৬.৫৫ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, টাঙ্গাইলের ২ জন এবং শেরপুর ও নেত্রকোণার ১ জন করে আছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫৯ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শামসুল হক (৯০), তারাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৬০) ও মুক্তাগাছা উপজেলার জমিলা আক্তার (৭০)।
শেরপুরের শ্রীবরদী উপজেলার ওসমান গনি (৫৫), নেত্রকোণা সদরের আব্দুস সালাম (৪৫), টাঙ্গাইলের মধুপুর উপজেলার মকবুল হোসেন (৬০) ও সাহেরা খাতুন (৮০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৯৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৮ জন।