রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।

আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৫ জনের ২ জন রাজশাহী, ১ জন চাঁপাইনবাবগঞ্জ, ১ জন নাটোর, ১ জন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার ১ জন করে করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর ১৮৩টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নাটোরে ১৮৭টি নমুনা পরীক্ষায় ২৪ জনের ও চাঁপাইনবাবগঞ্জের ১টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৮ শতাংশ, নাটোরে ১২ দশমিক ৮৩ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৩ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৫৫ জন। বর্তমানে মোট ১৩৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।