আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন প্রায় ১২০০ ডায়রিয়া রোগী ভর্তি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৩৮ জন এবং আজ রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় ২৬৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
সে হিসাবে এই ৩২ ঘণ্টার মধ্যে প্রতি ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়ার এই প্রকোপ চলছে।
প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, '২০০৭ এবং ২০১৮ সালের পর এবারই এত বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। ওই ২ বছরে প্রতিদিন ১ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছিলেন। কিন্তু এ বছর সেই সংখ্যাটি প্রায় ১ হাজার ২০০।'
অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতালের প্রধান বাহারুল আলম ডায়রিয়া থেকে নিরাপদে থাকার জন্য বিশুদ্ধ পানি খাওয়ার পাশাপাশি রাস্তার পাশের খাবার খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সাধারণত প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিতে আসেন, যা বর্ষাকালের আগে কিছুটা বাড়ে এবং এপ্রিলের শেষ সপ্তাহে শীর্ষে পৌঁছায়। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ৫০০ রোগী ভর্তি হয়েছেন, যা দ্বিতীয় সপ্তাহে বেড়ে ৬০০'তে দাঁড়ায়। আর ১৭ মার্চ থেকে দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।
আইসিডিডিআরবির মহাখালী হাসপাতালে ডায়রিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ভর্তি হওয়া রোগীদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়।