ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৫২
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ২ জনের।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন মোট ৯১ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৪ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৫ হাজার ৩৯ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯১ জনের মধ্যে চলতি মাসে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৩৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫১ জন।