শেষ দিনে জয় পেতে স্পিনারদের ভেলকির আশায় লিটন

ক্রীড়া প্রতিবেদক

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন শেষ দিনে ঝাঁপিয়ে পড়তে তৈরি, তখন দলের স্পিন আক্রমণের ওপরই বড় ভরসা রাখছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তার আশা, উইকেটের আচরণ বদলে যাওয়ার সম্ভাব্য সুবিধা কাজে লাগিয়ে স্পিনাররা বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেবেন।

সোমবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। বেশ কয়েকবার ভাগ্যের ছোঁয়া পাওয়া লিটন দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি হাঁকান। আউট হওয়ার আগে ১৪টি চারের সাহায্যে ১১৭ বলে ১০২ রান আসে তার ব্যাট থেকে। অন্যপ্রান্তে, ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ফলে আফগানরা পেয়েছে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান, ২৮ রানেই ২ উইকেট হারায়। আব্দুল মালিককে (৫ বলে ২ রান) ছাঁটেন পেসার ইবাদত হোসেন। আরেক পেসার হাসান মাহমুদ বিদায় করেন শহীদউল্লাহ কামালকে (১৯ বলে ১৯ রান)। তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ ও সেদিকউল্লাহ অতল মিলে তৃতীয় উইকেটে ২১৪ বলে ৮২ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন।

আফগান অধিনায়ক রহমতকে (১২৪ বলে ৫১ রান) ফিরিয়ে ইবাদত এই জুটি ভাঙলেও বাংলাদেশকে আর কোনো সাফল্য পেতে দেননি অতল ও হাশমতউল্লাহ শহীদি। অতল ১২৬ বলে ৩৫ ও শহীদি ২৭ বলে ১৯ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ৩৪৭ রান। অন্যদিকে, বাংলাদেশের দরকার ৭ উইকেট।

এদিন আফগানদের পতন হওয়া তিনটি উইকেটের সবকটি নেন বাংলাদেশের পেসাররা— ইবাদত দুটি ও প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ উইকেট পাওয়া হাসান একটি। তবে মোট ২৮ ওভার বোলিং করেও কোনো উইকেটের দেখা পাননি তিন স্পিনার মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

তবুও শেষ দিনে উইকেটের ক্ষয়ে যাওয়া অংশ ও অসমান বাউন্স থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন লিটন। চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘উইকেটটা খুব একটা স্পিনবান্ধব না। তবে পঞ্চম দিনে গেলে অনেক সময় রাফ প্যাচ (উইকেটের ক্ষয়ে যাওয়া অংশ) থেকে অনেক বল বাঁক নেওয়া শুরু করে। আমি আশা করি, আমাদের স্পিনাররা ভালো জায়গায় বল ফেলবে। এখনও ভালো জায়গায় করছে, আরও ভালো জায়গায় করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।’

আবুধাবির এই উইকেটে মূলত পেসারদেরই রাজত্ব চলেছে। এখন পর্যন্ত পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৫টিই নিয়েছেন দুই দলের পেসাররা। প্রথম ইনিংসে আফগানদের ২৪০ রানে গুটিয়ে দেওয়ার পথে বাংলাদেশের স্পিনাররা পেয়েছিলেন মাত্র একটি উইকেট— শহীদিকে ফিরিয়েছিলেন মিরাজ।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত স্পিনারদের তরফ থেকে কোনো সাফল্য আসেনি। তবে দলকে জয় উপহার দিতে হলে পঞ্চম দিনে মিরাজ, তাইজুল ও নাঈমকে এই অচলাবস্থা ভেঙে ঘুরে দাঁড়াতে হবে।