সাতক্ষীরায় সংক্রমণ কমলেও উপসর্গে মৃত্যু কমছে না

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কমলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমছে না। জেলায় উপসর্গ নিয়ে প্রতিদিন দুই থেকে তিন জন মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১২ দিনে এ হাসপাতালে করোনা উসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। জেলায় এ পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৬৬৫ জনের। অন্যদিকে করোনায় মৃত্যু হয়েছে ৮৮ জনের।

আজ রোববার সকাল আটটা পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৬২ জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ১২ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, সাতক্ষীরায় করোনা রোগী সংখ্যা আগস্টের শুরু থেকে কমতে শুরু করেছে।  পাশাপাশি করোনায় মৃত্যুর হার অনেক কমেছে। করোনা ডেডিকেটেড সাকক্ষীরা মেডিকেড কলেজ হাসপাতালে সেপ্টেম্বর মাসের এখনো করোনায় কারো মৃত্যু হয়নি। আগস্টে মৃত্যু হয়েছিল তিন জনের। তবে, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে তিন জন নিয়ে মৃত্যু হয়েছে এ হাসপাতালে।

তিনি বলেন, '১৫-৩০ জুন করোনা ডেডিকেডেট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৯৫ জন ও করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ১-৩১ জুলাই এ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আট জনের মৃত্যু হয়। ১-৩১ আগস্ট পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১০১ জন ও করোনায় তিন জনের মৃত্যু হয়। ১-১২ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনে করোনায় কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে মারা গেছে ২৮ জন। সব মিলিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬৫ জন ও করোনায় ৮৮জন।

তিনি আরও জানান, হাসপাতলে করোনা উপসর্গ কিংবা করোনা রোগীর সংখ্যা কমে আসছে। ১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হাসপাতলে রোগীর সংখ্যা গড়ে ছিল ২৬০-২৮৫। আগস্ট মাসের প্রথম থেকে রোগীর সংখ্যা কমতে শুরু করে। আজ রোববার রোগীর সংখ্যা ছিল ৬২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় জন।

সাতক্ষীরা সিভিল সার্জন সাফায়াত হোসেন জানান, আগস্ট মাস থেকে ধীরে ধীরে করোনা রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘন্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৩৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ছয় জন। শনাক্তের হার ছিল শতকরা ৬ দশমিক ৩৮ শতাংশ।