সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ১৯.৩৫ শতাংশ
সাতক্ষীরা গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৫১ জনে। যেখানে করোনায় আক্রান্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯৩টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর থেকে জানা যায়, চলতি আগস্ট মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৯ জন এবং করোনায় মারা গেছে আট জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৮৯০ জন। বর্তমানে করানো আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১১৩ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালটিতে ১৯ জন করোনা পজিটিভ ও ১৫৮ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আইসিইউর আটটি বেডেই রোগী আছেন।'
'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন ২৮ জন,' যোগ করেন তিনি।